রাজনীতি

উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্ল্যাকমেইলিং: রিজভী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম

উপদেষ্টাদের কল রেকর্ড কারো কাছে থাকা বেআইনি ও ব্ল্যাকমেইলিং: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির কাছে থাকা সম্পূর্ণ বেআইনি এবং এটি ব্ল্যাকমেইলিংয়ের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “সম্প্রতি একটি ইসলামিক দলের নেতা দাবি করেছেন যে, তাদের কাছে উপদেষ্টাদের কল রেকর্ড রয়েছে এবং প্রয়োজনে তা ফাঁস করা হবে। এটি অত্যন্ত উদ্বেগজনক ও অনৈতিক। প্রশ্ন হচ্ছে, উপদেষ্টাদের কল রেকর্ড একজন রাজনৈতিক ব্যক্তির কাছে গেল কীভাবে? এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোপনীয়তার পরিপন্থী, একইসঙ্গে আইনের চোখে এটি অপরাধ ও ব্ল্যাকমেইলিংয়ের শামিল।”

তিনি আরও বলেন, “আমরা এখন এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। ফ্যাসিস্টদের পতনের পর মানবিক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছিলাম, সেটি বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে—যেখানে কেউ বিনা চিকিৎসায় কষ্ট পাবে না।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “এই সনদকে ঘিরে আমরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। কিন্তু অমীমাংসিত কিছু বিষয়ের অজুহাতে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। গণভোট নিয়েও নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেনো এই বিরোধ তৈরি করা হচ্ছে, তা জনগণও জানতে চায়।”

তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে কেন্দ্র করে যখন ঐক্য গড়ে তুলছে, তখন এসব ক্ষুদ্র বিরোধ সৃষ্টি করে বৃহত্তর গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা দেওয়া হচ্ছে। “গণতন্ত্রের পথে যদি নতুন অন্তরায় সৃষ্টি হয়, তাহলে একমাত্র ফ্যাসিস্টদের গোষ্ঠীই এর সুফল ভোগ করবে,” বলেন রিজভী।

বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়নে স্বাক্ষর অনুষ্ঠানে দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে অংশ নেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একসঙ্গে অগ্রসর হবে।