রাজনীতি
কর্মসংস্থান না হলে বেকারদের মাধ্যমে আরেকটি অভ্যুত্থান হতে পারে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে ভবিষ্যতে বেকার যুবকদের ক্ষোভ থেকে আরেকটি গণঅভ্যুত্থান ঘটতে পারে।
আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্তমঞ্চে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, “বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা আমাদের গণঅভ্যুত্থানের সহযোদ্ধা ছিলেন। আপনারাও নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো এই তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যদি তা করতে না পারেন, যেদিন চাকরির অভাবে তরুণরা বিক্ষুব্ধ হবে, সেদিন কর্মসংস্থানের অভাবে বেকারদের মাধ্যমেই আরেকটি অভ্যুত্থান হবে।”
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট অসংখ্য মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। তারা আশা করেছিল, দীর্ঘদিনের বৈষম্য ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার পরিবর্তন ঘটবে এবং নতুন এক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে।
এনসিপির এই নেতা আরও বলেন, “গত দুই বছরে জনগণের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। তাই আমরা মনে করেছি, শুধু ঢাকায় বসে রাজনীতি করলে হবে না। দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে গিয়ে মানুষের কথা শুনতে হবে। বিশেষ করে জুলাই আন্দোলনের তরুণ যোদ্ধাদের প্রত্যাশা আগামী বাংলাদেশের নীতিনির্ধারণে প্রতিফলিত করতে হবে।”
বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করে সারজিস আলম বলেন, “বাকি ৬৩ জেলার কথা বাদ দিলাম, আপনার নিজের জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়াতেই লোডশেডিং হচ্ছে। আমরা শুধু কথার ফুলঝুরি চাই না, কথার সঙ্গে কাজের মিল দেখতে চাই।”
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নির্বাচনী ইশতেহারে দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থানের কথা বলা হয়েছিল। চার থেকে সাড়ে চার মাস পার হলেও উল্লাপাড়ায় নতুন এক হাজার কর্মসংস্থান হয়েছে কি না, মানুষই তার উত্তর দেবে। মানুষের কষ্ট কমেনি, বরং বেড়েছে। এখন তরুণদের মুখে নতুন কথা—অনেক কার্ড দিয়েছেন, এবার বেকারদের জন্যও একটি ‘বেকার কার্ড’ চালু করুন।”
সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহি, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।