প্রবাস
লিবিয়া থেকে উদ্ধার হওয়া ১৬২ বাংলাদেশি ফিরছেন দেশে
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টার ও বিপদগ্রস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া ১৬২ জন বাংলাদেশি অভিবাসী দেশে ফিরছেন। বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
ফেরত আসা অভিবাসীদের মধ্যে ১৪১ জন ছিলেন লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে, এবং ১৬ জন অবস্থান করছিলেন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে। এছাড়াও ত্রিপলীতে বিপদে পড়া আরও ৫ জন অভিবাসীকেও দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
এই পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আইওএম-এর সহায়তায় বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট (ফ্লাইট নম্বর UZ222) মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটে লিবিয়ার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
ফ্লাইটটি বুধবার (৯ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
মানবপাচার, অবৈধ অভিবাসন এবং সংঘাতপূর্ণ এলাকার ভয়াবহতার শিকার হয়ে এসব বাংলাদেশি দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, আটকাবস্থা ও মানবেতর জীবনযাপন করছিলেন। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে তাদের দেশে ফেরত আনা হচ্ছে, যা একটি প্রশংসনীয় মানবিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।