প্রবাস

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি অভিবাসী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:২৮ এএম

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ বাংলাদেশি অভিবাসী
ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৫ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

অভিবাসন নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন জানান, দেশে ফেরত আসা ব্যক্তিদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। প্রক্রিয়া শেষ হলে তারা বিমানবন্দর ত্যাগ করবেন।

বাংলাদেশে পৌঁছানোর পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ফেরত আসা অভিবাসীদের অনেকেই জানিয়েছেন, তারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার আশায় মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তবে সেখানকার বাস্তবতা ছিল ভয়াবহ। বেশিরভাগই লিবিয়ায় গিয়ে অপহরণ, জিম্মি ও নির্যাতনের শিকার হয়েছেন।