প্রবাস
গ্রিসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার যুবক সুদীপ ঘোষের
বিদেশের মাটিতে কাজ করে পরিবার চালাতে গিয়ে আর ফেরা হলো না সুদীপের। গ্রিসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যুবক সুদীপ ঘোষ (৪০)।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২১ আগস্ট) গভীর রাতে সুদীপের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছে। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগর ঘোষপাড়ার বাসিন্দা।
জানা গেছে, কাজের উদ্দেশ্যে বেরিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি খুঁটিতে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সুদীপ। তার সঙ্গে থাকা আরও একজন আরোহীও নিহত হয়েছেন বলে জানা গেলেও, তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সুদীপ ঘোষের মৃত্যুতে রাধানগর ঘোষপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী দুলাল ঘোষ জয় জানান, দীর্ঘদিন ধরেই পরিবার চালাতে গ্রিসে কাজ করছিলেন সুদীপ। প্রায় ১২ বছর আগে তার বাবা সুকুমার ঘোষ নিখোঁজ হন। বাবার শ্রাদ্ধানুষ্ঠানে অংশ নিতে বছর দেড়েক আগে তিনি দেশে এসেছিলেন।
বর্তমানে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন সুদীপের মা, স্ত্রী, একমাত্র কন্যাসন্তান এবং কাকার পরিবার। প্রবাসে মৃত্যুর পর, এখন পরিবারের একমাত্র চাওয়া—প্রিয়জনের মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুদীপের মরদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সহায়তায় মরদেহ দ্রুত ফেরত আনার চেষ্টা করা হচ্ছে।