প্রবাস
ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত, আহত ৩
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিন সদস্য। শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে সালালাহ শহরের তাম্বেত এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের সাথে উটের সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস আক্তার, তাদের একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান (সবুজ) এবং বিলকিস আক্তারের মেয়ের জামাই হারুয়ালছড়ি ইউনিয়নের বাসিন্দা মুহাম্মদ দিদার।
আহতরা হলেন, একই গাড়িতে থাকা সাকিবের বোন, তার স্ত্রী ও তাদের ছোট কন্যা। পরে তাদের উদ্ধার করে সালালাহর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।
ওমানে থাকা নিহত সাকিবের চাচা মো. জাহাঙ্গীর জানান, কয়েক দিন আগে মাস্কাট থেকে হতাহতরা হজরত আইয়ুব (আ.)–এর মাজার জিয়ারত ও ভ্রমণের উদ্দেশ্যে সালালাহ যান। পরিবারের সবাই মিলে সেখানে সময় কাটাচ্ছিলেন। শুক্রবার রাতে ঘোরাঘুরি শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। হঠাৎ সড়কে চলে আসা একটি উটের সঙ্গে প্রাইভেট কারটির সংঘর্ষ হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি বলেন, আমার ভাবি, ভাতিজা আর মেয়ের জামাই একসঙ্গে চলে যাবে, কখনো কল্পনাও করিনি। এটা মেনে নেওয়া খুব কষ্টকর।
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল আজম বলেন, দুর্ঘটনার খবর পৌঁছানোর পর ফটিকছড়ির ছোট ছিলোনিয়া গ্রামে শোকের ছায়া নেমেছে। একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যু পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা সবাই শোকাহত।