প্রবাস
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৫ বাংলাদেশি
মালদ্বীপের দিঘুরা দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি প্রবাসী কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন বাংলাদেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম এবং মো. নূরনবী সরকার। আহতদের মধ্যে রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার পর থেকে বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে আহত দুই বাংলাদেশিকে দেশটির রাজধানী মালে অবস্থিত আইজিএম হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দূতাবাস। নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করা হয়েছে।