প্রবাস
ঈদেও চালু থাকছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ
মধ্যপ্রাচ্যে চলমান সংকট পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বুধবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়, ১০ মার্চ থেকে চালু হওয়া এই নিয়ন্ত্রণ কক্ষ আগামী ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা, সপ্তাহে সাতদিন কার্যক্রম চালাবে।
নিয়ন্ত্রণ কক্ষটি রাজধানীর ইস্কাটনে অবস্থিত প্রবাসী কল্যাণ ভবন-এর লিফট-৭ এ স্থাপন করা হয়েছে। এখানে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী পালাক্রমে দায়িত্ব পালন করবেন, যাতে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করা যায়।
প্রবাসীদের সহায়তার জন্য চালু রয়েছে টোল-ফ্রি হটলাইন। দেশের ভেতর থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।
নিয়ন্ত্রণ কক্ষের তত্ত্বাবধানে রয়েছেন ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।
অফিস আদেশে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনে বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন। একই সঙ্গে নিয়মিত তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দাখিল করবেন।
সরকার জানিয়েছে, প্রবাসীদের জরুরি সহায়তা, তথ্য প্রদান এবং সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যেই এই নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখা হয়েছে।