সারাদেশ
চুয়াডাঙ্গায় কিশোর রিশাদকে কুপিয়ে হত্যা, ঘাতক পলাতক
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে দিনে-দুপুরে প্রকাশ্যে রিশাদ আলি (১৪) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের কাজিপাড়ায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহত রিশাদ আলি ছয়ঘরিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে এবং দর্শনা মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে মো. বাইতুল্লার ছেলে মো. হযরত আলির সঙ্গে রিশাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হযরত আলি রিশাদের গলায় হাসুয়া দিয়ে কোপ মেরে ঘটনাস্থলেই তাকে হত্যা করে পালিয়ে যায়।
গ্রামবাসীদের ভাষ্যমতে, মো. হযরত আলি একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ তিতুমির জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে এবং ঘাতক হযরত আলিকে ধরতে অভিযান চলছে।
এই হত্যাকাণ্ডে গ্রামজুড়ে চরম শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।