সারাদেশ

রংপুরে দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ ২ যুবক গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১০:৪০ এএম

রংপুরে দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ ২ যুবক গ্রেফতার
রংপুরে দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ ২ যুবক গ্রেফতার। ছবি: ঢাকাপ্রকাশ

রংপুর মহানগর এলাকায় পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দেশীয় অস্ত্র ও অবৈধ মাদকসহ দুই যুবককে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, বুধবার (২৫ জুন) রাতে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের টার্মিনাল এলাকায় নর্দাণ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করে আরএমপির কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- রোহিত ইসলাম রোলেক্স (৩০) এবং মো. সাইফুল ইসলাম (৩৭)।

পুলিশ জানায়, টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টহলরত পুলিশ সদস্যরা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে পথরোধ করে দেহ তল্লাশি করেন। এ সময় রোহিত ইসলাম রোলেক্সের কাছ থেকে একটি ২৫ ইঞ্চি লম্বা পুরাতন ধারালো ছোরা, ৫ পিচ হালকা কমলা রঙের কথিত ইয়াবা (ওজন ০.৪ গ্রাম) এবং ১০ গ্রাম পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

অপর আসামি মো. সাইফুল ইসলামের দেহ তল্লাশিতে তার পকেট থেকে ৭ পিচ কথিত ইয়াবা (ওজন ০.৬ গ্রাম), ৮ গ্রাম শুকনো গাঁজা, আরও একটি ধারালো অস্ত্র, অতিরিক্ত ১২ পিচ ইয়াবা ট্যাবলেট (ওজন ১ গ্রাম) ও ১৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র সংক্রান্ত যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা তৈরি করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, রংপুর মহানগরে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। চেকপোস্টে নিয়মিত তল্লাশি, বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।