জাতীয়

শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাব: প্রধানমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫০ পিএম

শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালাব: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোর পাশে সরকার সবসময় থাকবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সীমিত সম্পদের মধ্যেও এসব পরিবারের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, যেসব পরিবার অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে, সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে সরকার এসব পরিবারের সঙ্গে অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, আজকের অনুষ্ঠানটি অত্যন্ত বেদনাদায়ক। এমন অনেক মানুষকে স্মরণ করা হচ্ছে, যাদের আজ আমাদের মাঝে থাকার কথা ছিল। তাদের মহান আত্মত্যাগের বিনিময়েই দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণ করে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধা, গুম-খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিরা এবং জুলাই আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্তদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

বাস্তবতার কারণে সবকিছু দ্রুত করা সম্ভব না হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে জানান তিনি।

শহীদ ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য তারা যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের ত্যাগ ও সহযোগিতাই সরকারকে পূর্ণ উদ্যমে কাজ করার সাহস জোগাচ্ছে।

তিনি আরও বলেন, এসব পরিবারই সরকারের শক্তি ও উদ্দীপনার অন্যতম প্রধান উৎস। দেশের স্বার্থে শহীদ ও আত্মত্যাগী গণতান্ত্রিক যোদ্ধাদের যে প্রত্যাশা ছিল, তা পূরণে সরকার কাজ করে যাবে।

এ সময় শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সরকারের পাশে থাকার পাশাপাশি সরকারের কাজেও সহযোগিতা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং আমরা বিএনপি পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।