জাতীয়

বিটিভিতে নিজেদের প্রচার কমানোর অনুরোধ তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম

বিটিভিতে নিজেদের প্রচার কমানোর অনুরোধ তথ্যমন্ত্রী-প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে নিজেদের ছবি ও ভিডিও প্রচার যথাসম্ভব কমিয়ে আনার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বাংলাদেশ টেলিভিশন ও সংসদ টিভিসহ রাষ্ট্রীয় গণমাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড আনুপাতিক হারে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, রাষ্ট্রীয় টেলিভিশনে শুধু সরকারি দল ও মন্ত্রীদের খবর প্রচারের প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর পাশাপাশি সংসদের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডও আনুপাতিক হারে প্রচার করতে হবে।

তিনি জানান, এ সিদ্ধান্ত কার্যকর করতে মঙ্গলবার থেকেই সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

গণতান্ত্রিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষে কিংবা বিপক্ষে রাজনৈতিক দলগুলোর যেসব বক্তব্য জনগণের স্বার্থসংশ্লিষ্ট, সেগুলোও গণমাধ্যমে তুলে ধরতে হবে। তার মতে, এটাই গণতন্ত্রের মূল চর্চা।

এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে মন্ত্রীদের অতিরিক্ত প্রচার কমানোর উদ্যোগের কথা জানান তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে তিনি ও প্রতিমন্ত্রী নিজেদের ছবি ও ভিডিও ফুটেজ যথাসম্ভব কম প্রচারের অনুরোধ জানিয়েছেন।

তবে দীর্ঘদিনের প্রচলিত কাঠামো ও অভ্যাসের কারণে এই সংস্কৃতিতে দ্রুত পরিবর্তন আনা কিছুটা কঠিন বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারের নেতিবাচক সংস্কৃতি পরিবর্তনের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এ ক্ষেত্রে দেশের জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।