সারাদেশ

পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ এসএসসি পরীক্ষার্থী নিহত


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৫ পিএম

পাবনায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে ২ এসএসসি পরীক্ষার্থী নিহত
নিহত দুই শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

পাবনার আমিনপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে কাশীনাথপুর-আমিনপুর আঞ্চলিক মহাসড়কের লালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের করিম কারীর ছেলে আসাদ (১৭) ও সাঁথিয়ার বনগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জুবায়ের (১৮)। তারা দুজনই এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজিরহাট এলাকায় যাচ্ছিল দুই শিক্ষার্থী। মহাসড়কের লালের মোড় থেকে একটি ইজিবাইক মূল সড়কে ওঠার সময়, দ্রুতগতির মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ ওই ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আসাদ ও জুবায়ের।

এ বিষয়ে আমিনপুর থানার ওসি নুরুস সালাম সিদ্দিকী বলেন, “দুর্ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা ধারণা করছি, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”