সোশ্যাল মিডিয়া
রিপন মিয়া দেন না বাবা-মায়ের ভরণপোষণ, অস্বীকার স্ত্রী-সন্তানকেও (ভিডিও)
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া-যিনি অনলাইনে ‘রিপন ভিডিও’ নামেই পরিচিত—সম্প্রতি বিতর্কের মুখে পড়েছেন। জনপ্রিয়তা পাওয়ার পর নিজের বাবা-মা ও পরিবারের প্রতি উদাসীনতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
আরো পড়ুন: টাকার জন্য ঘৃণ্য কাজটি যারা করেছেন, বিবেককে প্রশ্ন করুন: রিপন মিয়া
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়, রাতারাতি পরিচিতি পাওয়া রিপন মিয়া এখন নিজের গরিব বাবা-মায়ের পরিচয় দিতে লজ্জা পান। এমনকি তিনি তাদের ভরণপোষণও দেন না বলে অভিযোগ করেন তার মা।
রিপনের মা বলেন, “খুব কষ্ট করে মানুষ করেছি, কিন্তু এখন পরিচয় দেয় না। আমরা গরিব, তাই ওর মান-সম্মান নষ্ট হবে ভেবে হয়তো এমন করে।”
তিনি জানান, রিপন বিয়ে করেছেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটর তার স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
রিপন দাবি করেন, “যাকে আমার স্ত্রী বলা হচ্ছে, তিনি আসলে আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি বিয়ে করিনি।”
অন্যদিকে, তার বাবা জানান, শুরুতে রিপন তার সহযোগিতায় ভিডিও বানাতেন। পরে অন্যদের সঙ্গে কাজ শুরু করার পর থেকে ছেলের সঙ্গে যোগাযোগ কমে যায়। বর্তমানে তিনি ছেলের ভিডিও দেখেন না।
তবে বাবা-মাকে অস্বীকার করলেও মা এখনো ছেলের মঙ্গল কামনা করেন। “সে বড় হইছে, আরও বড় হোক—এই দোয়া করি,” বলেন তিনি।
অন্যদিকে, ফেসবুকে দেওয়া এক পোস্টে রিপন অভিযোগ করেছেন যে অনুমতি ছাড়াই সাংবাদিকরা তার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। গতকাল ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়।