খেলা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পিএম

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দোরগোড়ায় টাইগ্রেসরা
ছবি: সংগৃহীত

টানা তৃতীয় জয়ের মাধ্যমে আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে টাইগ্রেসরা।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রানের বড় স্কোর দাঁড় করায় বাংলাদেশ। জবাবে স্কটিশরা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪২ রান।

ব্যাটিংয়ে শুরুটা একটু নড়বড়ে হলেও দ্বিতীয় উইকেটে ১০৩ রানের দারুণ জুটি গড়েন ফারজানা হক ও শারমীন আক্তার। দুজনেই করেন ৫৭ রান করে। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৫৯ বলে ১১ চার মেরে তিনি খেলেন ৮৩ রানের চোখধাঁধানো ইনিংস, যা দলকে নিয়ে যায় ২৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোরে।

বোলিংয়ে স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ব্রাইস নেন ২ উইকেট, আর র‍্যাচেল স্লেটারসহ আরও তিনজন শিকার করেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে স্কটিশ ইনিংসে। মাত্র ১১০ রানেই ৭ উইকেট হারায় তারা। তবে প্রিয়নাজ চ্যাটার্জি ও র‍্যাচেল স্লেটারের দৃঢ়তায় অষ্টম উইকেটে আসে ১২৫ রানের জুটি। প্রিয়নাজ ৬৩ বলে ৬১ করে আউট হলেও অপর প্রান্তে ৭৩ বলে ৬১ রানে অপরাজিত থাকেন স্লেটার। তবুও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাহিদা আক্তার। ১০ ওভারে ৪০ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। সঙ্গী হন জান্নাতুল ফেরদৌস (২ উইকেট), মারুফা আক্তার ও রাবেয়া খান (প্রত্যেকে ১টি করে উইকেট)।

এই জয়ের মাধ্যমে বাছাইপর্বে টানা তিন ম্যাচে জয় তুলে নিলো বাংলাদেশ নারী দল, যা বিশ্বকাপের মূলপর্বে ওঠার পথ অনেকটাই মসৃণ করে দিয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ২৭৬/৬ (৫০ ওভার)
স্কটল্যান্ড নারী দল: ২৪২/৯ (৫০ ওভার)
ফলাফল: বাংলাদেশ নারী দল ৩৪ রানে জয়ী