খেলা
রাজনীতি নয়, ভারতীয় দলের কোচ হতে চান সৌরভ গাঙ্গুলী
ভারতীয় ক্রিকেটের 'দাদা' সৌরভ গাঙ্গুলী ফের আলোচনায়। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতির ইঙ্গিত, ভবিষ্যতে সুযোগ এলে তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিতে প্রস্তুত। তবে এখনই নয়। সময় এবং পরিস্থিতি অনুকূল হলে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে তার আপত্তি নেই বলে জানিয়েছেন সৌরভ।
সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এটা (জাতীয় দলের কোচ হওয়া) নিয়ে কখনও গভীরভাবে ভাবিনি। কারণ, আমি এখন অনেকগুলো দায়িত্বে রয়েছি। ২০১৩ সালে খেলা ছেড়েছি, এরপর বিসিসিআই সভাপতির দায়িত্বে ছিলাম। এখন বয়স ৫০। দেখা যাক ভবিষ্যতে কী হয়। তবে আমি প্রস্তুত।”

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে বহুদিন ধরেই যুক্ত রয়েছেন সৌরভ গাঙ্গুলী। ২০১৮-১৯ ও ২০২২-২৪ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর ছিলেন তিনি। যদিও এবারের আইপিএলে সরাসরি দলের সঙ্গে ছিলেন না, কিন্তু পরোক্ষভাবে ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রেখে গিয়েছেন।
সৌরভের মতে, প্রশাসক হিসেবে তার বড় অবদান ভারতীয় নারী ক্রিকেটের অগ্রগতিতে। “নারী ক্রিকেটের সুযোগ-সুবিধা ও জনপ্রিয়তা বাড়ানোর কাজটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল,” বলেন তিনি।
বিধানসভা নির্বাচন ঘিরে একবার আবার সৌরভ গাঙ্গুলীর নাম উঠে এসেছে রাজনৈতিক আলোচনায়। তবে তিনি আবারও দৃঢ় ভাষায় জানিয়ে দিয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও ইচ্ছা তার নেই। “যে কোনও প্রস্তাবই আসুক না কেন, আমি রাজনীতিতে যাব না,”—সাফ জানিয়ে দেন সৌরভ।

জাতীয় দলের ভবিষ্যৎ কোচ হিসেবে গৌতম গম্ভীরের নাম জোরেশোরে আলোচনায় থাকায় এ বিষয়ে সৌরভের মতামতও উঠে এসেছে। তিনি বলেন, “গম্ভীর ভালো করছে। শুরুতে কিছুটা ধীরগতির হলেও, এখন নিজেকে প্রমাণ করতে শুরু করেছে। ওর মধ্যে আবেগ, স্বচ্ছতা—সব আছে। ইংল্যান্ড সফর তার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে।”
তিনি আরও যোগ করেন, “গম্ভীর খুব সরল স্বভাবের, যা ভাবে তা-ই বলে। খেলোয়াড় হিসেবে যেমন সম্মান দেখিয়েছে, এখনও কাজের প্রতি তার মনোযোগ পুরোপুরি আছে।”