খেলা

প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে একই টেস্টে শান্তর জোড়া সেঞ্চুরি


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৯:৪১ এএম

প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে একই টেস্টে শান্তর জোড়া সেঞ্চুরি
ছবি: সংগৃহীত

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন। দেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচেই দুবার সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব অর্জন করলেন তিনি। শান্তর অনবদ্য এই পারফরম্যান্স দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছে এবং আবারও প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেটে তার নির্ভরযোগ্যতা ও ক্লাস।

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রান করার পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেছেন শান্ত। বৃষ্টিবিঘ্নিত দিনে তিন অঙ্ক স্পর্শ করতে তার খেলতে হয়েছে ১৯০ বল। শান্ত ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টেও দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। একই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি তিনি। বাংলাদেশিদের মধ্যে একই টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার নজির আছে আর একজনের—২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১৭৬ ও ১০৬* রান করেছিলেন মুমিনুল হক।

টেস্ট ক্যারিয়ারে শান্তর এটা সপ্তম সেঞ্চুরি। তিন অঙ্কের ঘরে পৌঁছেই ঝড় তুলেন তিনি, পরের ৯ বলে করেন আরও ২৫ রান। ৬ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণার ১২৫ করে অপরাজিত থাকেন তিনি, নাঈম হাসান অপরাজিত থাকেন ৭ রানে। শ্রীলঙ্কা পেয়েছে ২৯৬ রানের টার্গেট।

এই ইনিংসের ভীতটা দাঁড় করে দিয়ে গিয়েছিলেন সাদমান ইসলাম। ওপেনিংয়ে নেমে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। শান্তর পরে নামা মুশফিকুর রহিম আউট হন হাফসেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে। বাকিদের মধ্যে মুমিনুল হক ১৪, এনামুল হক ৪, লিটন দাস ৩ ও জাকের আলী ২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে দুই হাতে বল করা থারিন্দু রাতনায়াকে নেন ৩ উইকেট।

শান্ত ও মুশফিকুর রহিমের (১৬৩) সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৪৯৫ রান। জবাব দিতে নামা শ্রীলঙ্কা নাঈমের ঘূর্ণিতে ৪৮৫ রানে অলআউট হন। পাথুম নিসাঙ্কা করেন ১৮৭ রান। নাঈম ১২১ রানে নেন ৫ উইকেট।