খেলা
বিমানবন্দরে সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা
এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু মাঠে একের পর এক ব্যর্থতায় সেই স্বপ্ন চূর্ণ হয়ে গেছে। ফাইনালের আশা হাতছাড়া হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে আজ (বুধবার) দেশে ফিরেছেন টাইগাররা।
কিন্তু দেশে ফেরার পরও মিলেনি শান্তি—বিমানবন্দরে নেমেই ক্ষুব্ধ সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের। হতাশাগ্রস্ত ভক্তরা দুয়োধ্বনি ও কটূ মন্তব্যে প্রকাশ করেছেন তাদের ক্ষোভ।
সেপ্টেম্বরে দেশ ছাড়ার সময় যে ক্রিকেটারদের জন্য উষ্ণ বিদায় ছিল, তারাই এখন সমর্থকদের রোষানলে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ঘিরে সৃষ্টি হয় এক বিব্রতকর পরিস্থিতি। অতীতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি।
এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগ ছিল হাতের নাগালে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ভেঙে যায় সেই স্বপ্ন। পরে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ৩–০ ব্যবধানে জিতলেও ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলটি একেবারে ব্যর্থ হয়।
সিরিজের শেষ ওয়ানডেতে ২৯৩ রানের জবাবে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ—যা গত সাত বছরের মধ্যে দলের সর্বনিম্ন স্কোর।
ভুলে যাওয়ার মতো এক সফর শেষে ক্রিকেটারদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। তিন দিনের মধ্যেই শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আগামী শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।