শিল্প-সংস্কৃতি

বাংলাদেশ শিল্পকলার নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ পিএম

বাংলাদেশ শিল্পকলার নতুন মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন
কবি রেজাউদ্দিন স্টালিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন। রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ধারা ৯(২) অনুযায়ী শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)কে এক বছরের জন্য চুক্তিভিত্তিক মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এ সময়ে তাকে অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।

এর আগে ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন দায়িত্বে থাকা মহাপরিচালক লিয়াকত আলী লাকী পদ ছাড়েন। এরপর ৯ সেপ্টেম্বর নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য মহাপরিচালক নিয়োগ দেওয়া হলেও তিনি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেন।

পরবর্তীতে ৪ মার্চ একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়। আর গত ১৪ সেপ্টেম্বর সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।

এক সপ্তাহের ব্যবধানে অবশেষে পূর্ণ দায়িত্ব পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন, যিনি দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে একজন সুপরিচিত কবি ও সংগঠক হিসেবেও খ্যাত।