রাজধানী
ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আহত ৪
রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট ও মহাখালীতে রাতের নিস্তব্ধতা ভেঙে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এই দুই এলাকায় বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফার্মগেটের ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। আশপাশে অবস্থানরত পথচারীদের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক। এ সময় কমপক্ষে চারজন আহত হন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এছাড়া একই সময় মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে থেকেও আরেকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন জানান, “ককটেলের আওয়াজ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলটি ফেলে দেওয়া হয়েছে। আমরা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছি।”
এ ঘটনার পর ফার্মগেট ও মহাখালী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও টহল শুরু করেছে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে, তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাজধানীতে এমন ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। কে বা কারা এই হামলার পেছনে জড়িত এবং উদ্দেশ্য কী—তা জানতে চাইছে সাধারণ মানুষ।