রাজধানী

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা তৈরি করার দাবি ডিএসসিসি প্রশাসকের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা তৈরি করার দাবি ডিএসসিসি প্রশাসকের
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা তৈরির দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, ঢাকায় স্থায়ীভাবে বসবাসকারীরাই শুধুমাত্র এই শহরের ভোটার হবেন, অন্য জায়গা থেকে আসা কোনো ব্যক্তি ঢাকায় ভোট দিতে পারবে না।

শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়া শিশু কিশোর মেলার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবদুস সালাম অভিযোগ করেন, ঢাকার অনেক বাড়িতে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। “যেখানে আগে সাত থেকে দশজন ভোটার ছিল, সেখানে হঠাৎ করে ১৫০ জন ভোটার হয়ে গেছে। অনেক বাড়ির মালিক নিজেও জানেন না কীভাবে এতজনকে তালিকায় যুক্ত করা হয়েছে,”।

তিনি দাবি করেন, যে ব্যক্তি ঢাকায় থাকে না, শহরের সঙ্গে সম্পৃক্ত নয়, ট্যাক্সও দেয় না, তার নাম এখানে ভোটার তালিকায় থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, “আমরা ভোটের বাইরে কিছু চাই না। বাংলাদেশে যখনই নিরপেক্ষ ভোট হয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে।”