অর্থনীতি

শ্রীলঙ্কার সঙ্গে তুলনা নয়, শিক্ষণীয়: সিপিডি


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৭:৫০ এএম

শ্রীলঙ্কার সঙ্গে তুলনা নয়, শিক্ষণীয়: সিপিডি

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি তুলনা করার কোনো কারণ নেই, তবে শিক্ষণীয় বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর সম্মানিত ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কা একদিনে এ পর্যায়ে আসেনি। বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। কিন্তু আউটপুট আসেনি। ফলে রাজস্ব সংকটে পড়ে। আমাদেরও বড় বড় প্রকল্পে বিদেশি ঋণ নেওয়া হয়েছে। কিন্তু সময় মতো বাস্তবায়ন হচ্ছে না। এতে ব্যয় বাড়ছে। ঋণের চাপও বাড়ছে।’

মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর ধানমন্ডি সিপিডির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। ২০২২-২৩ অর্থবছরে জাতীয় বাজেটে সিপিডির সুপারিশ শীর্ষক সংবাদ সম্মেলন আয়োজন করে। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

তিনি বলেন, ‘তাই পুরাতন প্রকল্পে অর্থ বরাদ্দ ঠিক রাখতে হবে। বাজেটে নতুন প্রকল্পে সতর্কতা অবলম্বন করতে হবে। এখান থেকে টাকা বাঁচলে রাজস্ব বাজেটে ব্যয় করা যাবে,’ যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘উন্নয়নের নামে টাকা পাচার হচ্ছে কি না তা খতিয়ে দেখা দরকার। দেশ থেকে গত ১০ বছরে ৭ থেকে ৮ বিলিয়ন ডলার করে অর্থ পাচার হয়েছে। অভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচার হয়ে থাকে। আন্তর্জাতিকভাবে পণ্যের দাম বাড়ার কারণে আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে। তাই এসব দিক দেখা দরকার।’

তিনি বলেন, ‘বাজেটে কালো টাকা সাদা করা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। আবার অর্থনৈতিকভাবেও যৌক্তিক নয়।’

 

জেডএ/এমএমএ/