অর্থনীতি
টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী
আমরা টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে দেশি ও বিদেশি এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বুধবার (০১ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জিডিপির আকারের সঙ্গে কর-জিডিপি রেশিও—সবই সম্পর্কিত। অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে ট্যাক্স-জিডিপি বাড়ানো কঠিন। আমাদের লক্ষ্য হচ্ছে ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতি। আমরা টাকা ছাপাতে চাই না। বিনিয়োগ আকৃষ্ট করতে হবে—দেশি ও বিদেশি—এবং এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
সেটা মাথায় রেখেই বাজেট করা হবে জানিয়ে তিনি বলেন, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের ওপর আস্থা রাখতে পারে। আমাদের বড় সমস্যা হচ্ছে- আমরা নীতিগুলো দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারি না। নীতি পরিবর্তন হলে বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যায়।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট নিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে একটি ত্রিমুখী চ্যালেঞ্জে আছি। তবে জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে।