অর্থনীতি
বাজেট ২০২৬-২৭: বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট খাতে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ রাখছে সরকার। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই নির্ধারিত শর্ত পূরণ করে কর পরিশোধের মাধ্যমে এই অর্থ বৈধ করা যাবে।
প্রস্তাব অনুযায়ী, আবাসন খাতে জমি, বিল্ডিং বা ফ্ল্যাট কেনাবেচার সময় দলিলে উল্লেখিত মূল্যের তুলনায় প্রকৃত লেনদেনের পরিমাণ বেশি হলে তা স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দেওয়া যাবে। এ ধরনের অতিরিক্ত অপ্রদর্শিত অর্থের ওপর নিয়মিত করহার অনুযায়ী আয়কর পরিশোধ করলে তা বৈধ হিসেবে গণ্য হবে। এই সুবিধা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য প্রযোজ্য হবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করতে অর্থবিলে আলাদা ধারা সংযোজনের পরিকল্পনা রয়েছে। কোনো ব্যক্তি যদি স্বপ্রণোদিত হয়ে এই কর পরিশোধ করেন, তাহলে ওই অর্থের উৎস নিয়ে কোনো প্রশ্ন তোলা বা আইনগত কার্যক্রম গ্রহণ করা যাবে না।
তবে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে এ ধরনের লেনদেন নিয়ে তদন্ত বা কার্যক্রম শুরু হয়ে থাকে, সেক্ষেত্রে অতিরিক্ত ক্রয় বা বিক্রয়মূল্যের ওপর প্রযোজ্য করের পাশাপাশি আরও ২০ শতাংশ অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।
এছাড়া আদালতে পূর্বে দোষী সাব্যস্ত হয়েছেন এমন কেউ এই সুবিধা গ্রহণ করতে পারবেন না বলেও জানা গেছে।