শিক্ষা
আগামী সপ্তাহে ৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগামী রবিবার (৫ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, সব মিলিয়ে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ফলে আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মিলছে স্বস্তির বিরতি।
সংশ্লিষ্টরা বলছেন, এই ছুটিকে ঘিরে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা করছেন। তবে ছুটি শেষে যথারীতি পরবর্তী কর্মদিবসে আবার ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ বা যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবস। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসাগুলোর সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে, ‘স্টার সানডে’ উপলক্ষে আগামী ৫ এপ্রিল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা, ক্রয় শাখা, পরিবহন শাখা, অর্থ ও হিসাব দপ্তর, অডিট সেল খোলা থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার ও প্রহরীরা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।