বিনোদন
পারিশ্রমিক পরিশোধ না করায় পরিচালকের বিরুদ্ধে পারসার অভিযোগ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধ না করা এবং অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘ সাত মাস ধরে নিজের বকেয়া পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। শুধু তিনি নন, সংশ্লিষ্ট টিমের অনেক সদস্যও এখনো তাদের প্রাপ্য অর্থ বুঝে পাননি।
ফেসবুক পোস্টে পারসা লেখেন, ‘ফ্রড অ্যালার্ট। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পরিচালক ফারহাদ আহমেদ ইশান সম্পর্কে কিছু বলতে চাই। যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক পরিশোধ—সব ক্ষেত্রেই আমি গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছি। গত সাত মাস ধরে আমার প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছি। শুধু আমি নই, টিমের আরও অনেক সদস্য এখনো তাদের পাওনা বুঝে পাননি।’
তিনি জানান, নিজের কিছু টাকা পেলেও এখনো পুরো পারিশ্রমিক পাননি। তবে নিজের পাওনার চেয়ে সহকর্মীদের প্রাপ্য অর্থ নিয়েই বেশি উদ্বিগ্ন তিনি।
পারসা বলেন, ‘আমার কিছু টাকা পরিশোধ করা হয়েছে, তবে এখনো পুরোটা পাইনি। সেটা আমি মেনে নিতে পারি। কিন্তু আমার টিমের অনেকেই এক টাকাও পায়নি। একজন শিল্পী হিসেবে তাদের বিষয়েও আমার দায়িত্ব রয়েছে।’
বিশেষ করে প্রোডাকশন বয় ও নতুন কর্মীদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কী হবে? যে নতুন ছেলেটি ভালো কাজের আশায় ইন্ডাস্ট্রিতে এসেছে, কঠোর পরিশ্রম করেছে, সে কি তার প্রাপ্যটুকুও পাবে না? আরও অনেক মানুষের পাওনা নিয়ে কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও প্রশ্নের বিষয়।’
সহকর্মীদের সতর্ক করে পারসা ইভানা বলেন, কোনো কাজ শুরু করার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া উচিত। পাশাপাশি সব চুক্তি ও আর্থিক বিষয় লিখিতভাবে নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি।
পোস্টের শেষে তিনি বলেন, ‘আমরা এমন একটি ইন্ডাস্ট্রি চাই, যেখানে সততা, দায়বদ্ধতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রতিশ্রুতি ভঙ্গ ও অসততার কোনো জায়গা সেখানে থাকা উচিত নয়।’
পরে গণমাধ্যমকে পারসা জানান, ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামে একটি ওয়েব কনটেন্টে তিনি পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে কাজ করেছিলেন। তার দাবি, শুধু শিল্পীরাই নন, প্রোডাকশন টিমের সদস্যদেরও পুরো পারিশ্রমিক পরিশোধ করা হয়নি।
তিনি আরও বলেন, ‘গত ১৬ জুন তিনি আমাকে জানিয়েছিলেন, ২৮ জুন সব বকেয়া পরিশোধ করবেন। কিন্তু নির্ধারিত দিনেও তা করেননি। বিষয়টি আমি অভিনয় সংঘকে মৌখিকভাবে জানিয়েছি। আমি চাই, সংশ্লিষ্ট সবাই যেন তাদের ন্যায্য প্রাপ্য বুঝে পান।’
তবে এ অভিযোগের বিষয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশানের কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।