গণমাধ্যম

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন
আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আতিকুর রহমান রুমনের রয়েছে দীর্ঘ সাংবাদিকতা ও রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি বিভিন্ন মানবিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা ও রাজনীতির সমান্তরাল ধারায় সক্রিয় থেকে তিনি নিজেকে একটি নিবেদিত নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি গণমানুষের স্বার্থে সাংবাদিকতার মাধ্যমে তিনি নিয়মিত লেখালেখি ও মতপ্রকাশ করে আসছেন। দীর্ঘ সময়ের রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি মানবিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আতিকুর রহমান রুমন। তার পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী ও সমাজসেবক এবং মা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন গৃহিণী ও এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান।

তার শিক্ষাজীবন শুরু হয় উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহ সুলতান কলেজ থেকে। ছাত্রজীবনেই তিনি ছাত্র রাজনীতি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন।

সাংবাদিকতার সূত্রে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, চীন, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ সফর করেছেন তিনি।

আতিকুর রহমান রুমন বহুল আলোচিত ও পাঠকপ্রিয় একাধিক গ্রন্থের রচয়িতা হিসেবেও পরিচিত।