রাজনীতি

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩ এএম

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান
তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে বিএনপির চেয়ারপারসনের পদ শূন্য রয়েছে। সদ্য প্রয়াত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৮৪ সালের ১০ মে থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ সময় ধরে দলটির সর্বোচ্চ দায়িত্ব পালন করেন। তার প্রয়াণের মধ্য দিয়ে বিএনপির শীর্ষ পদে শূন্যতা সৃষ্টি হয়।

খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির দলীয় গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারায় স্পষ্টভাবে বলা আছে—যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন।

বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানায়, দলীয় শূন্যতা পূরণ এবং সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রয়াত বেগম খালেদা জিয়ার কুলখানি শেষে সন্ধ্যায় অথবা আগামীকাল স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হতে পারে।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি ১৯৯১ ও ১৯৯৬ সালে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পান।

২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গ্রেফতার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে তারেক রহমান যুক্তরাজ্য থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপি পরিচালনার দায়িত্ব নেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে তিনি গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন।

রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে, তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে একটি আনুষ্ঠানিক ও নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।