প্রবাস
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ের মৃত্যু
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের মন্টগোমেরি কাউন্টিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ইন্টারস্টেট ২৭০ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুসাম্মাত শামীমা বেগম (৪৬) ও তার মেয়ে আরিবা জাহিদ (২৩)। তারা পরিবারের সঙ্গে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বারক ও আলেকজান্দ্রিয়া এলাকায় বসবাস করতেন।
মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটের দিকে বেথেসডা এলাকার ডেমোক্রেসি বুলেভার্ডের কাছে ইন্টারস্টেট ২৭০-এর দক্ষিণমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রকভিল ব্যারাকের পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, জার্মানটাউনের বাসিন্দা ৩২ বছর বয়সী হোসে কাবায়েরো নোলাসকো একটি ফোর্ড মুস্তাং গাড়ি নিয়ে ভুল পথে প্রবেশ করেছিলেন। উত্তরমুখী লেনে যাওয়ার পরিবর্তে তিনি বিপরীত দিকের দক্ষিণমুখী লেনে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্যামরির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
টয়োটা ক্যামরিতে যাত্রী হিসেবে ছিলেন শামীমা বেগম ও আরিবা জাহিদ। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় টয়োটা ক্যামরির ৬২ বছর বয়সী চালক ও ৮ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, ফোর্ড মুস্তাংয়ের চালক নোলাসকোও দুর্ঘটনায় সামান্য আহত হন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করে মন্টগোমেরি কাউন্টি আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় নোলাসকো মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অবহেলাজনিত কারণে দুজনের মৃত্যু এবং অন্যদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগসহ একাধিক গুরুতর মামলা করা হয়েছে।
দুর্ঘটনার পর ইন্টারস্টেট ২৭০ মহাসড়কের দক্ষিণমুখী লেনে প্রায় পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার কারণ ও পুরো ঘটনা জানতে মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশের দুর্ঘটনা তদন্ত দল কাজ করছে।