রাজধানী

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৪ পিএম

৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না: ডিসি মাসুদ
ছবি: সংগৃহীত

আগামী তিন মাস কোনো মোবাইল ফোন ব্ল্যাকলিস্ট করা হবে না বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

রোববার (৪ জানুয়ারি) মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ডিসি মাসুদ আলম বলেন, আগামী তিন মাসের জন্য কোনো ফোন ব্ল্যাকলিস্ট করা হবে না। এনইআইআর চালুর আগের সব স্টক লটকে বৈধ হিসেবে গণ্য করা হবে। এছাড়া উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ডিস্ট্রিবিউটরদের অতিরিক্ত ৩ থেকে ৪ শতাংশ ছাড় দেবে, যাতে তারা শোরুম মূল্যের চেয়ে কম দামে ফোন বিক্রি করতে পারেন।

এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর ঘোষণা দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে মোবাইল ব্যবসায়ীদের আপত্তির মুখে কার্যকরের সময় পিছিয়ে ১৫ দিন বাড়িয়ে ১ জানুয়ারি নির্ধারণ করা হয়।

পরবর্তীতে এনইআইআর পদ্ধতির প্রতিবাদে গত ১ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ। বিক্ষোভের একপর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপসহ বিটিআরসি কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন মোবাইল ব্যবসায়ীরা। বিটিআরসি জানিয়েছে, এই পদ্ধতি কার্যকর হলে দেশে কেবল বৈধ ও সরকার অনুমোদিত মোবাইল হ্যান্ডসেটই নেটওয়ার্কে ব্যবহার করা যাবে।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, এনইআইআর কার্যকর হওয়ার পর অবৈধভাবে দেশে আনা ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বিদেশ থেকে অবৈধ পথে আনা পুরনো ফোনের ব্যবসাও বন্ধ হবে। তবে এনইআইআর চালুর আগ পর্যন্ত নেটওয়ার্কে ব্যবহৃত কোনো ফোন বন্ধ করা হবে না বলে জানিয়েছে বিটিআরসি।

সরকারের অভিযোগ, ব্যবসায়ীদের একটি অংশ কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড, ব্যবহৃত ও পুরনো ফোন অবৈধভাবে দেশে এনে বাজারজাত করছে। এসব অনিয়ম বন্ধ করতেই হ্যান্ডসেট নিবন্ধন ব্যবস্থায় এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।