বিনোদন
সাবেক স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেপ্তার
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া, রিয়া মনির দায়ের করা মামলায় তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গত ১২ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জামিনের শর্ত ভঙ্গ করায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের এই আদেশের পর শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, হিরো আলম জামিনে থাকার পরেও আদালতের শর্ত মানেননি। এ কারণে রিয়া মনির পক্ষ থেকে আদালতে জামিন বাতিলের আবেদন করা হয়েছিল, যা আদালত মঞ্জুর করেছে। এর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
উল্লেখ্য, গত ২৩ জুন রিয়া মনির করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, দাম্পত্য কলহের কারণে হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন। পরে মীমাংসার জন্য তাকে হাতিরঝিল এলাকায় ডেকে নিয়ে গিয়ে তিনি এবং তার সহযোগী সেলিমসহ আরও কয়েকজন রিয়া মনিকে মারধর করেন। এ সময় তার গলার স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়।