বিনোদন
অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই
না ফেরার দেশে পাড়ি জমালেন দেশের অভিনয় জগতের বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা।
মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
জানা গেছে, বৈদ্যনাথ সাহা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং দীর্ঘদিন যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে রাশেদ মামুন অপু লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’
ইন্ডাস্ট্রির বহু সহকর্মী এবং তার ভক্ত-অনুরাগীরা রাশেদ মামুন অপুর সেই পোস্টে মন্তব্য করে শোক প্রকাশ করছেন। নাট্যকার মাসুম রেজা, গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকেই শোক জানিয়েছেন।
উল্লেখ্য, বৈদ্যনাথ অভিনীত মঞ্চ নাটকের মধ্যে রয়েছে ‘ফিফটি ফিফটি’, ‘জবাহদিহি’, ‘পরবাস’, ‘সাজানো বাগান’, ওরা আছে বলে, ‘কেনারাম বেচারাম’, ‘এবার ধরা দাও’, ‘বিষের বাঁশি’, ‘অন্ধকারের নিচে সূর্য’।