পরিবেশ-জলবায়ু

টানা ৩ দিন সারা দেশে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০১:৫২ এএম

টানা ৩ দিন সারা দেশে ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা
ফাইল ছবি

আগামী তিন দিন (২০-২২ মার্চ) সারা দেশে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার পাশাপাশি অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার কারণে এই আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হবে।

এতে আরও বলা হয়, বৃহস্পতিবার (২০ মার্চ) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একইসাথে, এসব এলাকার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ারও আশঙ্কা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এদিন, রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার ওপর মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছুটা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২১ মার্চ) এবং শনিবার (২২ মার্চ) একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

এছাড়া আগামী কয়েক দিনের শেষে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।