স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬ জন


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১১:৩৬ এএম

ডেঙ্গুতে একদিনে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬ জন
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ফের বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে ৩২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজন ব্যক্তিই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৬০ ও অপরজনের বয়স ৩৭।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭১, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৭০ জন। মারা যাওয়াদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।

স্বাস্থ্য বিভাগ ও বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। তাই পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ করা এবং ডেঙ্গু উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।