স্বাস্থ্য
করোনায় একদিনে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯
করোনাভাইরাস আবারও প্রাণ কেড়ে নিচ্ছে দেশে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধি এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন।
সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে মোট ৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৮ শতাংশ।
মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। তিনজনই ষাটোর্ধ্ব ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৫১৮ জনে। আর এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৯৭ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১১ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশে করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ০৫ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ওই বছরের ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট—প্রতিদিন ২৬৪ জন করে।