সারাবিশ্ব

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল টিভিকে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:০১ এএম

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল টিভিকে
ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম এবার ভারতের বিরোধী জোট ইন্ডিয়ার জাতীয় পর্যায়ের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে দলটির অংশগ্রহণ ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বিদুথালাই চিরুথাইগাল কাচি দলের নেতা থল থিরুমাভালাভান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের রাজ্য শাখায় যুক্ত হয়েছে টিভিকে। এরই ধারাবাহিকতায় চেন্নাইয়ে জোটের আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতেও অংশ নিয়েছে দলটি। ভবিষ্যতে জাতীয় পর্যায়ের কর্মসূচিতেও দলটিকে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারতের বিরোধী দলগুলোর একটি অংশ। তাদের আশঙ্কা, এই প্রক্রিয়ার ফলে বহু যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট প্রক্রিয়ার বিরোধিতার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তুলেছে তারা।

ইন্ডিয়া জোটের কর্মসূচিতে টিভিকের অংশগ্রহণের মধ্য দিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে দলটির অবস্থান আরও স্পষ্ট হচ্ছে। গত ৩ অক্টোবর কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে ও এমডিএমকের মতো দলগুলোর সঙ্গে রাজ্য পর্যায়ের একটি বৈঠকে অংশ নেয় টিভিকে। সেখানে বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে জোটে টিভিকে দলকে স্বাগত জানানো হয়।

এরপর চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই সাক্ষাৎ দুই দলের মধ্যে রাজনৈতিক সমঝোতার সম্ভাবনাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৪ সালে থালাপতি বিজয়ের নেতৃত্বে আত্মপ্রকাশ করে তামিলাগা ভেত্রি কাজাগাম। তামিলনাড়ুর রাজনীতিতে শক্তিশালী বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি। ইন্ডিয়া জোটের সঙ্গে এই সম্পৃক্ততা টিভিকের রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত করতে পারে। তবে জাতীয় রাজনীতিতে জোটটির সঙ্গে দলটির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর।

সূত্র, হিন্দুস্তান টাইমস