সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২টি ককটেল, ১১ কেজি গানপাউডার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২টি ককটেল, ১১ কেজি গানপাউডার
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগান থেকে ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার, দুটি হাসুয়া ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এসআরবি-৫, রাজশাহীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। অভিযানে পূর্ব টিকরা গ্রামের ওই আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম সাদা রঙের গানপাউডার, দুটি হাসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। তবে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে মজুত করে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব বিস্ফোরক ও সরঞ্জাম কারা সেখানে রেখেছিল এবং কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা বিস্ফোরক ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।