জাতীয়
প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। এতে পরীক্ষা দিতে ঢাকায় এসে ফিরে যেতে হয় হাজারো চাকরিপ্রার্থীকে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানোর আগপর্যন্ত সচিবালয়েই অবস্থান করবেন প্রতিমন্ত্রী। রাতে ঘুমানোর প্রয়োজন হলে নিজের দপ্তরেই ঘুমাবেন তিনি।
শুক্রবার অনুষ্ঠেয় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা সামনে রেখে এই উদ্যোগ নিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সচিবালয়ে প্রশ্নপত্র তৈরির কাজ চলছিল। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সেখানে অবস্থান করছিলেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী।
গত শনিবার প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এরপর নতুন করে শুক্রবার পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।