স্বাস্থ্য
গত ২৪ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯২
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগী। সোমবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে থেকেই সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে—সংখ্যায় ৩০৬ জন। বিভাগের হিসেবে বরিশালে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি, একদিনে শনাক্ত হয়েছে ১২৬ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৩৪ জন, যার মধ্যে পুরুষ ও নারী সমান সংখ্যায় ১৭ জন করে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৫০ জন, যাদের মধ্যে ৪ হাজার ৮০৮ জন পুরুষ এবং ৩ হাজার ৩৪১ জন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন এক লাখের বেশি।