শিক্ষা

দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:৩৭ পিএম

দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ
প্রতীকী ছবি

আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নফাঁসের গুজব ও পরীক্ষার সময় সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এর আগে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৭ জুন (বৃহস্পতিবার)। অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

তবে গত বছরের তুলনায় পরীক্ষার্থী সংখ্যা এবার কমেছে। ২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন, সে হিসেবে এবার ৮১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কমেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর নিরাপত্তা ও নিয়মনীতি অনুসরণ করে পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধ, নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করতেই এই কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্র ও এর আশপাশে যেন কোনোভাবেই প্রশ্নফাঁস বা অনৈতিক কর্মকাণ্ড না ঘটে, সে বিষয়ে নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।