শিক্ষা
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেল
দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) খোলা থাকবে শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস। তবে এদিন নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির মধ্যেও শিক্ষার্থীরা ফরম পূরণসহ বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজার ছুটি শুরু হবে। তবে ছুটি চলাকালে দাপ্তরিক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে না। শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রেখে শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশাসনিক সেবা নিশ্চিত করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর শনিবার শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শ্রেণি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত বার্ষিক ছুটির তালিকা বহাল থাকবে। সে অনুযায়ী, ১৫ অক্টোবরের শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি কার্যকর হবে।
ছুটির মধ্যে শনিবার শিক্ষার্থীরা ফরম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং অন্যান্য জরুরি প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন। এসব সেবা চালু রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শনিবার শিক্ষাসংশ্লিষ্ট সব অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। ফলে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও নির্ধারিত দিনে শিক্ষার্থীরা প্রয়োজনীয় দাপ্তরিক সেবা গ্রহণ করতে পারবেন।