শিক্ষা

আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:০২ এএম

আজ থেকে শুরু এইচএসসি ও সমমানের পরীক্ষা
ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হলো ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হয় লিখিত পরীক্ষা, যা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এরপর ১১ থেকে ২১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। তবে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে প্রায় ৮১ হাজার।

উল্লেখযোগ্যভাবে, দুই বছর আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হলেও রেজিস্ট্রেশন করা চার লাখের বেশি শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১০ লাখ ৫৫ হাজারের বেশি শিক্ষার্থী। মাদ্রাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার এবং কারিগরি বোর্ডের অধীনে রয়েছে ১ লাখ ৯ হাজারের বেশি পরীক্ষার্থী।

সারা দেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রশ্ন ফাঁস রোধসহ নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।