সারাবিশ্ব

ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম

ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার
কে পি শর্মা ওলি। ছবি: সংগৃহীত

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি-কে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের সহিংস গণবিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ার অভিযোগে শনিবার (২৮ মার্চ) সকালে রাজধানী কাঠমান্ডু থেকে তাকে আটক করা হয়।

একই ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও এখনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি।

গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দ্রুত সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভও এতে যুক্ত হয়। ওই সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৭০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বিক্ষোভকারী।

তদন্তে গঠিত একটি কমিশন তাদের প্রতিবেদনে সাবেক প্রধানমন্ত্রী ওলি ও রমেশ লেখকের বিরুদ্ধে ‘ফৌজদারি অবহেলা’র অভিযোগ তুলে বিচারের সুপারিশ করে। একইসঙ্গে সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুং-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

তবে ওলি পূর্বেই এসব অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, এটি তার বিরুদ্ধে ‘চরিত্রহননের অপচেষ্টা’।

এদিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া বালেন শাহ-এর সরকারের শপথের পরদিনই এই গ্রেপ্তারি অভিযান চালানো হয়, যা দেশটির রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি প্রতিশোধ নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাঠমান্ডুসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন সরকার এই পদক্ষেপের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা দিতে চাচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলোও গত বছরের সহিংসতা নিয়ে নজরদারি চালিয়ে আসছে। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই ঘটনার সুষ্ঠু বিচার কতটা নিশ্চিত হয়, সেদিকেই নজর রয়েছে নেপালের জনগণের।