সারাবিশ্ব
জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, অন্যজন অসীম মুনিরঃ জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, তার জীবনের সবচেয়ে প্রিয় দুই ব্যক্তির একজন তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্স এবং অন্যজন পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনির। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকে দেওয়া এই মন্তব্য ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
রোববার ‘লেক লুসার্ন শীর্ষ সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে ভ্যান্স বলেন, “আমি প্রায়ই মজা করে বলি, আমার জীবনে দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন—একজন ভারতীয় এবং একজন পাকিস্তানি। ভারতীয় প্রিয়জন আমার স্ত্রী উষা ভ্যান্স, আর পাকিস্তানি প্রিয়জন ফিল্ড মার্শাল অসীম মুনির।”
তিনি আরও জানান, গত তিন মাসে অন্য যেকোনো ব্যক্তির তুলনায় অসীম মুনিরের সঙ্গে তার সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। ভ্যান্সের ভাষায়, “তার রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি শুধু একজন দক্ষ সামরিক নেতা নন, নিজেকে একজন অসাধারণ কূটনীতিক ও দূরদর্শী নেতাও প্রমাণ করেছেন।”
যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংকটের কূটনৈতিক সমাধান প্রসঙ্গে ভ্যান্স বলেন, সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন চুক্তি একটি ইতিবাচক অগ্রগতি এবং এখন দেখার বিষয় দুই দেশ এই অবস্থান থেকে কতদূর এগোতে পারে।
তিনি বলেন, “আমাদের সামনে এখন বড় প্রশ্ন হলো—আমরা কি একসঙ্গে নতুন একটি অধ্যায়ের সূচনা করতে পারব? আমরা কি মধ্যপ্রাচ্যের সম্পর্ক স্থায়ীভাবে বদলে দিতে পারব, নাকি আবার পুরোনো সংঘাতের পথেই ফিরে যাব?”
সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল রিসোর্টে পাকিস্তান, কাতার এবং অন্যান্য মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠককে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে ভ্যান্স বলেন, কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখাই এই আলোচনার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান এর আগে কখনো এত উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেয়নি। এ আলোচনার মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন ভিত্তি তৈরি এবং ইরানের জনগণের সঙ্গে সহযোগিতার নতুন অধ্যায় শুরু করার সুযোগ তৈরি হয়েছে।
তেহরানের পারমাণবিক কর্মসূচি, যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন চুক্তিকে আরও শক্তিশালী করা এবং হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করতেই সুইজারল্যান্ডে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
সূত্র: এনডিটিভি