জাতীয়

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ আজ, মধ্যরাত থেকেই নদীতে নামছেন জেলেরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ আজ, মধ্যরাত থেকেই নদীতে নামছেন জেলেরা
ছবি: সংগৃহীত

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় জারি করা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা আজ (শনিবার) মধ্যরাতে শেষ হচ্ছে। রাত ১২টা বাজতেই দেশের নদ-নদীতে নামবেন হাজারো জেলে, শুরু হবে কাঙ্ক্ষিত ইলিশ আহরণ।

গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞায় ২২ দিন ধরে দেশের সব নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিক্রি ও বিপণন পুরোপুরি বন্ধ ছিল। মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ করে দিতেই এই সময়সীমা নির্ধারণ করে সরকার।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সুপারিশে আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন ও অমাবস্যার পরের তিন দিনসহ মোট ২২ দিনকে ইলিশ প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা হয়। এই সময়েই মা ইলিশ ডিম ছাড়ে, ফলে ভবিষ্যতের ইলিশ উৎপাদন নির্ভর করে এ মৌসুমের সফল সুরক্ষার ওপর।

গবেষণা অনুযায়ী, ২০২৪ সালের এই নিষেধাজ্ঞা কার্যকরভাবে পালনের ফলে প্রায় ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। এতে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ দেশের জলজ সম্পদে যুক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই রেণু ইলিশ ভবিষ্যতে পূর্ণবয়স্ক ইলিশে পরিণত হয়ে মৎস্য খাতে ব্যাপক অবদান রাখবে।

সরকারি উদ্যোগের পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় এবার তুলনামূলকভাবে সফলভাবে নিষেধাজ্ঞা পালন হয়েছে বলে দাবি করেছে মৎস্য অধিদপ্তর।

মৎস্যজীবীরা জানাচ্ছেন, দীর্ঘ বিরতির পর আবার জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন তারা। নদীর ঘাট, ট্রলারঘাট ও বাজারগুলোতে শুরু হয়েছে সরগরম প্রস্তুতি।

মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের ফলে এ বছর ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আমরা আশাবাদী। মা ইলিশ রক্ষায় জনগণের সহযোগিতাই এই সাফল্যের মূল চাবিকাঠি।”

দেশের মৎস্য সম্পদের ১২ শতাংশেরও বেশি আসে ইলিশ থেকে। ফলে এই ‘রূপালি সম্পদ’ রক্ষায় সরকারের এই উদ্যোগকে বিশেষজ্ঞরা দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।