জাতীয়

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’র বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায়’ প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানের তথ্যচিত্রে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ও অবদান যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে মন্ত্রণালয়।

বুধবার (৫ আগস্ট) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির উপস্থিতিতে অনুষ্ঠানে বিষয়টি উত্থাপিত হওয়ার পরপরই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী উপস্থিত অতিথিদের কাছে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তথ্যচিত্রে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থেকে থাকলে তা দ্রুত সংশোধনের আশ্বাস দেন। প্রতিমন্ত্রীও এ অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসের যথার্থতা ও পূর্ণাঙ্গতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তথ্যচিত্রটি সংশোধন করে শিগগিরই পুনরায় জনসম্মুখে উন্মুক্ত করা হবে।

প্রদর্শিত তথ্যচিত্রে জুলাই আন্দোলনের ধারাবাহিকতার কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, ৯ দফা কর্মসূচি, ৩ আগস্ট ঘোষিত এক দফা এবং সংশ্লিষ্ট ঐতিহাসিক ঘটনাবলির যথাযথ প্রতিফলন না হওয়াকে সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি, সংগঠন বা গণ-অভ্যুত্থানে অবদান রাখা কোনো পক্ষের ভূমিকা খাটো করা, উপেক্ষা করা কিংবা ইতিহাসের কোনো অংশ আড়াল করার উদ্দেশ্য মন্ত্রণালয়ের ছিল না এবং নেই।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস নির্ভুল, তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলকভাবে সংরক্ষণে তারা অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে বিশেষজ্ঞ, গবেষক এবং আন্দোলনের প্রতিনিধিদের মতামত নিয়ে তথ্যচিত্রটি সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে।

সংশোধিত তথ্যচিত্র দ্রুত জনসমক্ষে প্রকাশ করা হবে, যাতে জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস, ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট সবার অবদান যথাযথ মর্যাদা ও ঐতিহাসিক সত্যতা বজায় রেখে তুলে ধরা যায়।

এ ঘটনায় সৃষ্ট পরিস্থিতির জন্য আবারও দুঃখ প্রকাশ করে মন্ত্রণালয় জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে সবার গঠনমূলক মতামত, সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করছে তারা।