সারাদেশ
সোনার পেস্ট ও পকেটে ৩৫ গয়নাসহ শাহ আমানতে যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগে সোনার পেস্ট ও প্যান্টের পকেটে ৩৫টি স্বর্ণালংকার লুকিয়ে আনার অভিযোগে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, মাসকাট থেকে চট্টগ্রামে আসা সালামএয়ারের একটি ফ্লাইটে বিশেষ অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, মাসকাট থেকে আসা ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসান মুরাদ বিমানবন্দরে নামার পর তার ব্যাগেজ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো পেস্টসদৃশ একটি পদার্থ পাওয়া যায়।
পরে সোনা কারিগরের মাধ্যমে ওই পেস্ট প্রক্রিয়াজাত করা হলে সেখান থেকে ৪২৫ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনারপিণ্ড পাওয়া যায়।
এ ছাড়া যাত্রীর দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে আরও ১০৬ গ্রাম ওজনের ৩৫টি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ওই যাত্রীর কাছ থেকে ৫৩১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার শুল্ক ও করসহ আনুমানিক মূল্য ১ কোটি ৪১ হাজার ৫৫৫ টাকা।
বিশেষ কৌশলে সোনা লুকিয়ে আনার ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের আইনানুগ কার্যক্রম চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।