সারাদেশ

ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার একই গ্রামের ৫ জন নিহত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম

ট্রেনে কাটা পড়ে গাইবান্ধার একই গ্রামের ৫ জন নিহত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারানো পাঁচজনের সবার বাড়ি গাইবান্ধার একই গ্রামে হওয়ায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি সাদুল্লাপুর উপজেলা-র ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে।

নিহতরা হলেন— সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার ছেলে নিরব (১২) এবং প্রতিবেশী দোলা বেগম (৪৫)। তাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। সকলেই পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন এবং নিম্নআয়ের পরিবারের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহাদাত হোসেন নিহতদের পরিচয় নিশ্চিত করে জানান, তারা সবাই একই গ্রামের বাসিন্দা এবং জীবিকার তাগিদে ঢাকায় কাজ করতেন।

ঘটনার বিবরণে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছে তেলশূন্য হয়ে পড়লে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। পরে তারা সড়কের পাশের রেললাইনে বসে সময় কাটাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে তারা সরে যাওয়ার সুযোগ পাননি।

দুর্ঘটনাস্থলেই এক শিশু, দুই নারী ও দুই পুরুষসহ পাঁচজন নিহত হন। এই মর্মান্তিক ঘটনায় নিজপাড়া গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া, স্বজনদের বিলাপে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।