খেলা

এভারকেয়ারে নেওয়া হলো তামিম ইকবালকে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:০৮ এএম

এভারকেয়ারে নেওয়া হলো তামিম ইকবালকে
বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। হার্ট অ্যাটাকের পর থেকে তিনি কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল (সোমবার) সফলভাবে তার হার্টে রিং পরানো হয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই পরিবারের সিদ্ধান্তে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার ইফতারের পর অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল ত্যাগ করেন তামিম।

কেপিজে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন জানান, পারিবারিক সিদ্ধান্তেই তামিমকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানেও তিনি পর্যবেক্ষণে থাকবেন।

গতকাল বিকেলে বিকেএসপিতে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। এরপর দ্রুত তাকে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। এনজিওগ্রামের মাধ্যমে তার মূল আর্টারিতে শতভাগ ব্লক ধরা পড়লে জরুরি ভিত্তিতে রিং পরানো হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, তামিমকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এবং প্রথম ২৪ ঘণ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও একদিন কেপিজে হাসপাতালে থাকার কথা থাকলেও, শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নির্ধারণ করা হবে।