খেলা

আজ শ্রীলংকা–আফগানিস্তান লড়াই: কোন সমীকরণে সুপার ফোরে যাবে বাংলাদেশ?


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৭ এএম

আজ শ্রীলংকা–আফগানিস্তান লড়াই: কোন সমীকরণে সুপার ফোরে যাবে বাংলাদেশ?
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের ১৭তম আসরের ‘বি’ গ্রুপে আজ মুখোমুখি হচ্ছে শ্রীলংকা ও আফগানিস্তান। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে গ্রুপ থেকে কোন দুটি দল সুপার ফোরে খেলবে। সেই সঙ্গে টাইগারদের ভাগ্যও আজ নির্ধারিত হবে আবু ধাবির সবুজ মাঠে।

গ্রুপে এখন পর্যন্ত শীর্ষে আছে শ্রীলংকা। প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট অর্জন করলেও রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে। হংকং ৩ ম্যাচে হেরে ছিটকে গেছে লড়াই থেকে। ফলে সুপার ফোরের টিকিটের দৌড়ে আছে শ্রীলংকা, বাংলাদেশ ও আফগানিস্তান।

যদি আফগানিস্তান আজ হারে, তাহলে সরাসরি সুপার ফোরে যাবে শ্রীলংকা ও বাংলাদেশ। লংকানদের পয়েন্ট হবে ৬, বাংলাদেশের ৪, আর আফগানিস্তান বিদায় নেবে ২ পয়েন্ট নিয়ে।

বিপরীতে, আফগানরা জিততে পারলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে ৪। সে ক্ষেত্রে রানরেটের হিসাবে এগিয়ে থেকে সুপার ফোর নিশ্চিত করবে আফগানিস্তান। বর্তমানে তাদের নেট রানরেট (২.১৫০) বাংলাদেশের (-০.২৭০) ও শ্রীলংকার (১.৫৪৬) চেয়ে অনেক ভালো।

এমন পরিস্থিতিতে সুপার ফোরে জায়গা করে নিতে হলে বাংলাদেশের আশা রাখতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলংকার বড় ব্যবধানে হারের উপর। সমীকরণ বলছে, আফগানিস্তান যদি অন্তত ৭০ রানের ব্যবধানে জেতে এবং ৫০ বল হাতে রেখে শ্রীলংকাকে হারাতে পারে, তখনই বাংলাদেশ টিকে থাকবে লড়াইয়ে।

ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলেও সুপার ফোরে জায়গা পাবে শ্রীলংকা ও বাংলাদেশ। আফগানিস্তানের জন্য জয় ছাড়া বিকল্প নেই।

আজকের ম্যাচে আফগানিস্তান জয় পেলে রশিদ খানদের সঙ্গে সুপার ফোরে খেলবে শ্রীলংকা। আর আফগানরা হেরে গেলে টাইগাররা শ্রীলংকার সঙ্গী হয়ে উঠবে শেষ চার দৌড়ে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবু ধাবিতে মাঠে নামবে শ্রীলংকা ও আফগানিস্তান। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন এই ম্যাচের দিকে, কারণ এর ফলাফলের উপরই নির্ভর করছে টাইগারদের টিকে থাকার স্বপ্ন।